স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : আগরতলা স্মার্ট সিটিতে রাতের বেলা অপরাধমূলক ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশ প্রশাসনের চোখের আড়ালে দুর্বৃত্তরা রাজ করছে রাজপথে। শহরের বুকে থাকা পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, এন সি সি থানা, রামনগর পুলিশ ফাঁড়ি, অরুন্ধতী নগর থানা সহ শহর লাগোয়া আমতলী থানার পুলিশের ভূমিকা রাতের বেলা অত্যন্ত দুর্বল।
উর্মাদ গাড়ি নিয়ে রাতের বেলায় পরিবেশ পাল্টে দিচ্ছে উশৃংখল বাহিনী। ইতিমধ্যে একাধিক খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। রবিবার রাতের বেলা আচমকাই পশ্চিম মহিলা থানা পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার নমিত পাঠক। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন রাতের বেলা শহরের পরিবেশ সুষ্ঠু রাখতে থানা গুলি পরিদর্শনে বের হয়েছেন তিনি।
একই সাথে স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের যাতে কোনরকম অপরাধমূলক ঘটনা সংঘটিত না হয় তার জন্য নজরদারি রাখা হচ্ছে। অপরদিকে জেলা পুলিশ সুপার শহর এলাকার দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন, তিনি বলেন শহরে রোড ট্রাফিক ব্যবস্থা নিয়ে তিনি খতিয়ে দেখছেন। সার্বিকভাবে বলা যায় অপরাধমূলক ঘটনা রুখতে জেলা পুলিশ সুপার রাতের বেলা শহরে বের হয়েছেন। রুটিন মাফিক এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। উল্লেখ্য, থানা পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার। পুলিশ রাতের বেলা কতটা শহরের নিরাপত্তা বজায় রাখার উদ্যোগ নিচ্ছে সেটা দিয়ে দেখেন তিনি।

