স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে সাধারন গ্রাহকদের মাথায় চাপানো হল অতিরিক্ত আর্থিক বোঝা। নাহেজাল অবস্থা সাধারন গ্রাহকদের। ফলে দিকে দিকে বৃদ্ধি পাচ্ছে গ্রাহকদের ক্ষোভ। পাহাড় থেকে সমতল, ধর্মনগর থেকে সাব্রুম সর্বত্র অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে আন্দোলনে সরব হচ্ছে গ্রাহকরা।
সোমবার সোনামুড়া বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা। এক গ্রাহক জানান ১৫০০ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার পর ওনাকে মাত্র ১০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হয়েছে। ওনার বাড়িতে ওনার স্বামী অসুস্থ। ৫ দিন ধরে উনার বাড়িতে বিদ্যুৎ নেই। উনার বিদ্যুৎ-এর খুঁটিতে অন্য লোক হুক লাইন লাগিয়ে রেখেছে। তার জরিমানা কি তিনি দেবেন ? ভাত খাবেন নাকি বিদ্যুৎ বিল দেবেন ?অপর এক গ্রাহক জানান পূর্বে প্রতি মাসে ওনার বিদ্যুৎ বিল আসত ২৮০ টাকা থেকে ৩০০ টাকা। এই মাসে ওনার বিদ্যুৎ বিল এসেছে ৩ হাজার ৩৬৮ টাকা। তিনি নাকি এক মাসে ৩৯৭ ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন। বিদ্যুৎ নিগমের অফিসের কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা জানায় আগে যে কর্মী বিদ্যুৎ বিল করত, সে কমিয়ে কমিয়ে বিদ্যুৎ বিল করেছে। যার কারনে উনার বিদ্যুৎ বিল জমে গেছে। তিনি প্রশ্ন উত্থাপন করেন করেন মিটার রিডার কমিয়ে বিল করবে। এইদিন ক্ষুব্ধ গ্রাহকরা সোনামুড়া বিদ্যুৎ নিগম অফিস ঘেরাও করে ক্ষোভ উগড়ে দেয়। যদিও বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এইদিন গ্রাহকদের সন্তোষ জনক কোন উত্তর দিতে পারে নি। তবে মানুষের মধ্যে যেভাবে বিদ্বেষ ছড়িয়েছে তাতে সরকারের প্রতি কতটা আস্থা আছে সেটা আরও একবার প্রশ্নের মধ্যে ফেলেছে গত কয়েকদিনে।

