স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করলো কংগ্রেস। অভিযোগ ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা এবং স্মার্ট মিটার বসানো হচ্ছে। তা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। তাই সোমবার প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল ধর্মনগর জেলা কংগ্রেস। এদিন ছয় দফা দাবির ভিত্তিতে ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ কর্মসূচির আগে ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি গোটা ধর্মনগর শহর পরিক্রমা শেষে পৌঁছায় ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে, একটা সময় আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মোতায়েন করা হয় পুলিশ, টি এস আর ও আধা সামরিক বাহিনী। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিগবিজয় চক্রবর্তী, যুব কংগ্রেস জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ বহু কর্মী-সমর্থক। বিক্ষোভকারীরা বৃষ্টি উপেক্ষা না করেই তারা আন্দোলনে অংশ নেন। পরে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ধর্মনগর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার বিরোজিৎ পালের হাতে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা কংগ্রেস নেতৃত্ব জানান, বর্তমানে বিদ্যুৎ পরিষেবার মান একেবারেই তলানিতে ঠেকেছে, যার ফলে সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার। তার উপর দিয়ে আবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে এবং স্মার্ট মিটার বসানো হচ্ছে। বিদ্যুৎ দপ্তর যদি যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে কংগ্রেস দল আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব হল রাজ্য কংগ্রেস দল সোমবার আমবাসায় জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে স্মার্ট মিটার সহ বিভিন্ন দাবিতে আমবাসা বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রথমে কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। শেষে বিদ্যুৎ নিগম অফিসে মিছিল সমাপ্ত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত দলের জেলা সভাপতি নিধু মারাক, পিসিসির সদস্য মানিক দেব সহ অন্যান্য কর্মী সমর্থকরা। অপরদিকে সরব হয়েছে সিপিআইএম।
স্মার্ট মিটার প্রত্যাহার করা, অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করা সহ একাধিক দাবিতে সোমবার উদয়পুর সিপিআইএম মহকুমা কমিটির ডাকে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সিপিআইএম কর্মী সমর্থকরা উদয়পুর পুরানো মোটরস্ট্যান্ড স্থিত মহকুমা বিদ্যুৎ নিগমের সামনে এসে সামিল হয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সরকারের তীব্র সমালোচনা করে বলেন সারাদেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ শামিল হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা স্মার্ট মিটারের নামে সেখানে তৃণমূল সরকারকে একহাত নিয়ে যখন আকাশ-পাতাল গরম করছে, ঠিক তখন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার স্মার্ট মিটার বসানোর জন্য মানুষকে বাধ্য করছে। অপরদিকে অস্বাভাবিকভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে আমজনতার পকেট কাটছে বলে জানান তিনি। পরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সদস্য শুভ চক্রবর্তী নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের মহকুমা সিনিয়র ম্যানেজার কিরন্ময় চক্রবর্তী নিকট স্মার্ট মিটার বন্ধ করা, বিদ্যুতের দাম কমানো ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার দাবি জানানো হয়।

