স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : আগরতলা সিদ্ধি আশ্রম থেকে বাধারঘাট রেল ষ্টেশনে যাতায়াতের ব্যস্ততম রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। প্রতিদিন কয়েক হাজার পথচারী এই রাস্তাটি দিয়ে রেল স্টেশনে যাতায়াত করে। পথচারীদের যেমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে তেমনি নিত্য দিন যান চালকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ক্ষতির সম্মুখীন হচ্ছেন যান চালকেরা।
অন্যদিকে রেল যাত্রীরা নির্ধারিত সময়ে ষ্টেশনে পৌছুতে পারছেন না। আগরতলা সাব্রুম জাতীয় সড়ক থেকে সিদ্ধি আশ্রম হয়ে রেল স্টেশন যাওয়ার রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সংস্কারের কাজ নেই বলে ক্ষোভ জানান যান চালকেরা। জানা গেছে রাস্তাটি ডাবল লেন করার জন্য ঠিকেদারকে কাজ প্রদান করা হয়। এই রাস্তা নির্মাণের কাজে ঠিকেদার হাত দিলেন বিগত তিন চার মাস যাবত কোন এক অজ্ঞাত কারনে আর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে না ঠিকেদার। যে কারনে চলতি বর্ষার মরশুমে দুর্ভোগ চরম আকার ধারন করেছে ।
এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন যান চালক থেকে সাধারণ জনগণ। অটো চালকেরা জানান রাস্তার কাজে হাত দিয়েও ঠিকেদার কচ্ছপের গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। দু’ধাপে রাস্তাটি হওয়ার কথা রয়েছে। প্রথম পর্বে সিদ্ধি আশ্রম থেকে রেল ষ্টেশন এবং পরবর্তী ধাপে রেল ষ্টেশন থেকে বাইপাস পর্যন্ত রাস্তা নির্মাণ করার কথা রয়েছে। কিন্তু কাজের কাজ না হওয়ায় অটো নিয়ে ষ্টেশনে আসতে যেতে সমস্যা হচ্ছে তাদের। ক্ষতি হচ্ছে ছোট গাড়ি গুলির। সঠিকভাবে দ্রুত রাস্তা নির্মাণ করার দাবি জানান তারা। অপরদিকে একাংশ অটো চালকের বক্তব্য রাস্তা দিয়ে এত বেহাল দশা হওয়ার কারণে তারা রাতের বেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। এর কারণ হলো প্রতিদিন সন্ধ্যার পর বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন আগরতলা আসে। তখন যাত্রী নিয়ে যাতায়াত করতে গিয়ে ঝুঁকি হয় তাদের। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা বলে অভিমত অটো চালকদের। সাধারন জনগণ জানান বিগত চার মাস যাবত কাজ হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারনে কাজ বন্ধ সেই সম্পর্কে তারা অবগত নন। সকলে চাইছে গুরুত্ব উপলব্ধি করে এই রাস্তা নির্মাণ কাজ দ্রুত শেষ করা হোক।

