স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন : সত্যতা যাচাই না করে বিদ্যুৎ নিগমের কর্তব্যরত দুই কর্মীকে পুলিশি হেনস্থার অভিযোগ। রাতভর থানায় আটক করে নিঃশর্তে মুক্তি প্রদান করা হয়। গোটা বিষয়কে কেন্দ্র করে নিগমের কর্মীদের কর্ম বিরতি সহ থানায় সম্মিলিত বিক্ষোভ প্রদর্শন। জানা যায়, মঙ্গলবার রাতে একটি ফোন কলের অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ স্থানীয় বিদ্যুৎ নিগমের কার্যালয়ে কর্তব্যরত দুই কর্মীকে থানায় নিয়ে আসে।
দুই বিদ্যুৎ কর্মীর নাম গোপি বণিক এবং ভানু শব্দকর। তাদের থানায় আটক করে কোনো তদন্ত ছাড়া গোটা রাত তাদেরকে থানায় বসিয়ে রাখে। বুধবার সকালে পুলিশ দুই কর্মীকে নিঃস্বার্থভাবে ছেড়ে দেয়। এই ঘটনা জানাজানি হতেই বুধবার বিদ্যুৎ নিগমে কর্মরত বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তারা সঙ্ঘবদ্ধভাবে কর্ম বিরতিতে করে থানাতে গিয়ে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ জানাতে থাকেন। ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে এই বিক্ষোভ মাত্রা ছড়াতে থাকলে একটা সময় তেলিয়ামুড়া থানার পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তেলিয়ামুড়া থানার ও.সি সুব্রত চক্রবর্তীর সংবাদমাধ্যমকে জানান, ফোন কলের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ মঙ্গলবার রাতে বিদ্যুৎ নিগমের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তিনি অপকটে স্বীকার করেছেন, তারা দুজন কেউই মদমত্ত অবস্থায় ছিলেন না। রাতে তাদের কেউ জামিন না করাতে আসার কারণে গোটা রাত তাদের থানায় বসিয়ে রাখা হয়েছিল। এই ঘটনার খবর চাউর হতেই পুলিশের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যাবস্থা গ্রহণ করে কিনা।

