স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই: মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকায় রাস্তা মরণফাঁদে পরিণত হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার একটা বিরাট অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। কোথাও আবার রাস্তার ধারের সাইড দেওয়াল ভেঙে তলিয়ে গেছে কৃষি জমিতে। শুধু তাই নয়, রাস্তা সংলগ্ন ছড়ার পাড় ভেঙেও ধস পড়েছে। রাস্তাটি তেলকাজলা বড়ডেপা এলাকার সাধারণ মানুষের মেলাঘর বাজারে যাতায়াতের একমাত্র প্রধান ভরসা।
রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে এলাকায় কোনো গাড়ি প্রবেশ করার মত অবস্থা নেই। আর তার জেরেই বিপাকে পড়েছেন সাধারণ উপভোক্তারা। তেলকাজলা বড়ডেপার রেশন দোকানটিতে রেশন সামগ্রী বোঝাই গাড়ি ঢুকতে না পারায়, বাধ্য হয়ে রেশন দোকানটিকে সাময়িকভাবে স্থানান্তরিত করতে হয়েছে তেলকাজলা কালীবাড়িতে। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। এবার তাদের একটাই দাবি— প্রশাসন যেন কুম্ভকর্ণের ঘুম ভেঙে দ্রুত এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়, যাতে এলাকার যোগাযোগ ব্যবস্থা আবার স্বাভাবিক হতে পারে। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তার কাজে হাত লাগায় প্রশাসন।

