স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলা সার্কিট হাউজ এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বসে তীব্র প্রতিবাদে সামিল হল বাম ছাত্র সংগঠন এস.এফ.আই। এস.এফ.আই রাজ্য সম্পাদক সৃজন দেব জানান, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁসে কেন্দ্রের নীরবতা নিয়ে আগেই মুখ খুলেছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। হুঁশিয়ারি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি।
কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় ২৮ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে অনশন শুরু করলেন ওয়াংচুক। যন্তরমন্তরে অনশনে বসেন ওয়াংচুক। কিন্তু এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোন ধরনের সদুত্তর পাওয়া যায়নি। বর্তমান সরকার দুর্নীতিতে নিমজ্জিত। একের পর এক ভুল সিদ্ধান্ত দেশের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই অবিলম্বে সমাজসেবীকে সমর্থন করে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে বলে জানান তিনি। পরবর্তী সময়ে এনসিসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

