ঢাকা, ১৬ জুলাই (হি.স.) : রাজধানীর স্বামীবাগ আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধন হয়েছে। রথযাত্রা মহোৎসবের উদ্বেোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতিতে সরকার বিশ্বাস করে না। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।
মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্ৰাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
তিনি দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাঁর ভাষায়, ‘বাংলাদেশ কোনও নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়, সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার সামনে এগিয়ে যেতে চায়।’
মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান, সব ধর্মের মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। সেই সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে একটি অপশক্তি বারবার অপচেষ্টা চালাচ্ছে, বলে করেন তিনি। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।
রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা দেশের শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করেছেন।

