স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুলাই : দীর্ঘদিন ধরে কদমতলা থেকে রানীবাড়ি ও তারকপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার এমন করুণ অবস্থার ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা দীর্ঘ সময় ধরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
এলাকাবাসীদের অভিযোগ, সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে বারবার ধরনা দিলেও শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
রাস্তার এই দুরবস্থার কারণে বিকল্প হিসেবে এলাকাবাসী যে রাস্তাটি ব্যবহার করতেন, সেটিও গাড়ি চলাচলের উপযোগী নয় এবং বর্তমানে সেটিও অবরুদ্ধ অবস্থায় রয়েছে। নতুন বাজার, ধর্মনগর এবং লালছড়া পর্যন্ত যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে জানা গেছে।
রাস্তার এই বেহাল দশা থেকে মুক্তি পেতে এবং প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে স্থানীয়রা বিএমএস (BMS) সংগঠনের ব্যানারে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট (স্ট্রাইক) শুরু করেছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না রাস্তা সংস্কারের বিষয়ে কোনো নিশ্চিত ও সন্তোষজনক আশ্বাস পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।

