স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : প্রচন্ড গরমে যখন বৈদ্যুতিক পরিষেবা সাধারণ মানুষের কাছে একমাত্র স্বস্তিদায়ক তখন সেই বৈদ্যুতিক প্রিপেইড রিচার্জ পরিষেবা টানা তিন দিন ধরে কার্যত অচল। সার্ভার বা লিংক বিভ্রাটের অজুহাতে দিনের পর দিন হয়রানির শিকার হতে হতে শেষ পর্যন্ত ক্ষোভ আছড়ে পরল তেলিয়ামুড়া মহকুমার সাধারণ মানুষের।
সোমবার বিদ্যুৎ দপ্তরে প্রায় কয়েক হাজার গ্রাহকের বিক্ষোভ মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক প্রকার আন্দোলনের। জাতীয় সড়ক অবরোধ সহ একের পর এক নাটকীয় ঘটনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল তেলিয়ামুড়া শহর। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নামতে হয় মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে ঘিরেও দেখা দেয় উত্তেজনা।
গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরের মূল গেইটের সামনেই প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে। এখানেই শেষ নয়, আন্দোলনকারীরা তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে। স্থানীয় নাগরিকদের দাবি অবিলম্বে সার্ভার সমস্যা দূর করে স্বাভাবিক করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এর জন্য স্থায়ী প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের ডিজিএম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ, মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষ্ণান সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘসময় আলোচনা হলেও কোন ধরনের সমাধান সূত্র বেরিয়ে না আসায় বাড়তে শুরু করে উত্তেজনা তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাকি চার্জ করে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

