স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : সমকাজে সমবেতনের দাবিতে রাজধানীর অভয়নগর স্থিত সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে গিয়ে গণধর্নায় বসলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। জানা যায়, সোমবার তারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক দাবি নিয়ে অধিকর্তার কাছে গিয়েছিলেন। কিন্তু অধিকর্তার কার্যালয়ে পৌঁছাতে জানতে পারে বিদ্যুৎ নেই। তখন তারা অন্ধকারের মধ্যেই ধর্নায় বসে তীব্র প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য সমকাজে সমবেতন দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের।
২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা কিছুই পায় নি। তাদের প্রশ্ন কি পাপ করেছে? সবার স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিধানসভা অধিবেশনে উঠলেও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে না। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এককালীন ৫০০০ টাকা বৃদ্ধি হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের, অথচ একমাত্র ত্রিপুরা রাজ্যেই ব্যতিক্রম। নয় বছরে কোন কিছুই মিলল না তাদের ভাগ্যে। এ কথা বলে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়কে এক হাত নিলেন তারা। তারা জানান, মাঝে অঙ্গনওয়াড়ি কর্মীদের ৬০০ টাকা এবং সহায়িকাদের ৭০০ টাকা বেতন বৃদ্ধি করেছে সরকার। এছাড়া আর কোন কিছুই সরকার করেনি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য। বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত করুন। প্রতিমাসে মোবাইল রিচার্জ ২০০ টাকাও নিয়মিত প্রদান করা হয় না। এমনকি, নির্ধারিত সময়ে কিছুক্ষণ পর তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে তাদের অনুপস্থিত দেখানো হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের দাবির সমকাজে সমবেতন প্রদান করা, প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরি নিয়মিতকরণ করা। নাহলে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন এদিন।

