স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : ছয় মাস ধরে বেহাল দশা রাস্তার। প্রতিবাদে সোমবার এলাকাবাসীর বাবুরবাজারে রাস্তা অবরোধে বসে। তাদের অভিযোগ, গত ছয়মাস যাবত কৈলাসহরের টিলাবাজার থেকে হীরাছড়া যাওয়ার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে আছে। স্থানীয় এলাকাবাসীরা দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনকে জানানোর পরও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে এদিন সকাল দশটা থেকে কৈলাসহরের বাবুরবাজার এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় ইরানি থানার ওসি বিরাজ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে যায়।
অবরোধকারীরা জানায়, টিলাবাজার থেকে হীরাছড়া যাওয়ার রাস্তাটি বিগত ছয়মাস পূর্বে পূর্ত দপ্তরের পক্ষ থেকে সংস্কার করা হলেও তা নামে মাত্র সংস্কার করা হয়েছে। রাস্তাটি সংস্কারের কিছু দিনের মধ্যেই রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে যায়। এর ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে এলাকাবাসীরা স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিককে লিখিত ভাবে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ৬ জুলাই সোমবার সকাল দশটা থেকে বাবুরবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে পূর্ত দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে জানান যে, খুব শীঘ্রই দপ্তরের পক্ষ থেকে রাস্তাটির কাজের জন্য টেন্ডার ডাকা হবে।
দপ্তরের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দপ্তরের আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা দুপুর বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেয়। বাবুরবাজার এলাকায় রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়ে এবং পথচারী সহ নিত্য যাত্রীরা নাজেহালের শিকার হয়েছেন। উল্লেখ্য, কৈলাসহরের টিলাবাজার থেকে হীরাছড়া অব্দি রাস্তাটির উপর নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়ি হাজার মানুষ যাতায়াত করে। এই নয়টি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষদের শহরে আসার জন্য আর কোনো রাস্তা না থাকায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

