নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): তিরোধান দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ। শনিবার স্বামী বিবেকানন্দকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দের ‘নির্বাণ দিবস’-এ (তিরোধান দিবস) তাঁকে জানাই অশেষ প্রণাম। ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও জাতীয় চেতনাকে বিশ্বমঞ্চে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান অতুলনীয়। তাঁর প্রজ্ঞা ও অনুপ্রেরণাদায়ক চিন্তাধারা আজও লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছে। বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নে তাঁর আধ্যাত্মিক বার্তাসমূহ দেশকে সর্বদা নতুন শক্তি ও দিকনির্দেশনা জোগাতে থাকবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বকে বেদান্ত, দর্শন ও ভারতীয় জ্ঞান-ঐতিহ্যের সঙ্গে পুনরায় পরিচিত করেছিলেন, তিনি তরুণদের মধ্যে চরিত্র গঠন ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করেছিলেন। তিনি সমগ্র দেশজুড়ে এক সাংস্কৃতিক নবজাগরণের ডাক দিয়েছিলেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে আধ্যাত্মিকতা ও সেবাকার্যকে এক সুসংহত রূপ দিয়েছিলেন। তাঁর চিন্তাধারা ও আদর্শ তরুণদের দেশ গঠনে অনুপ্রাণিত করতে থাকবে।

