ইজলামাবাদ, ৩ জুলাই (হি.স.) : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবার কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রিবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। ঝোব ও ডেরা ইসমাইল খানের মাঝামাঝি ডানা সার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর মুখপাত্র শাহিদ রিন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দফতরগুলি দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে বেশ সমস্যার মুখে পড়ে বলে জানান শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি কাকার।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আশপাশের হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। প্রশাসনের দাবি, বাসটিতে নির্ধারিত ক্ষমতার তুলনায় বেশি যাত্রী ছিলেন।
শাহিদ রিন্দ জানান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

