স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
এদিন এক প্রতিনিধি দল গুর্খাবস্তি স্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের এক নেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সম্প্রতি রাজ্য সরকার এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি ও চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি ও চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পর স্বাস্থ্য পরিষেবায় এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোগীরা চূড়ান্ত হয়রানির শিকার। তাই ৭ দফা দাবিকে সামনে রেখে এইদিন স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

