বাড়িজাতীয়প্রশ্নফাঁস-বেকারত্বের বিরুদ্ধে যুবদের আওয়াজ, বুধবার কোটা থেকে রাহুলের অভিযান

প্রশ্নফাঁস-বেকারত্বের বিরুদ্ধে যুবদের আওয়াজ, বুধবার কোটা থেকে রাহুলের অভিযান

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম, পরীক্ষায় দুর্নীতি এবং ক্রমবর্ধমান বেকারত্বের ইস্যুকে সামনে রেখে বুধবার রাজস্থানের কোটা থেকে দেশজুড়ে নতুন প্রচারাভিযান শুরু করতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থী, শিক্ষক এবং বিভিন্ন যুব সংগঠনকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই এই দেশব্যাপী প্রচারাভিযানের সূচনা হচ্ছে।

বুধবার কোটা সফরে রাহুল গান্ধী ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং চাকরির অভাবের মতো বিষয়গুলি নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামতও শুনবেন তিনি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল জানিয়েছেন, এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের যুবসমাজের উদ্বেগ ও ক্ষোভকে জাতীয় স্তরে তুলে ধরার একটি উদ্যোগ। দলের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পরীক্ষার বাতিল হওয়া এবং কর্মসংস্থানের অভাবের কারণে কোটি কোটি যুবকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। সেই বিষয়গুলিকে জাতীয় আলোচনার কেন্দ্রে আনতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রচারাভিযানের প্রথম পর্ব কোটা থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই দিল্লিতে পৌঁছবে। কংগ্রেসের মতে, দেশের অন্যতম বৃহত্তম কোচিং ও শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কোটা থেকেই এই আন্দোলনের সূচনা করা প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ। কারণ দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ পড়ুয়া এবং চাকরিপ্রার্থীর আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের সঙ্গে এই শহর ওতপ্রোতভাবে জড়িত।

কর্মসূচির সূচনার আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্নফাঁস, পরীক্ষায় অনিয়ম এবং নিয়োগে বিলম্বে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য