স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জুন: একাধিক কু-কর্মে জড়িয়ে পড়ছেন রাজ্যের কতিপয় কন্টেন্ট ক্রিয়েটর। এবার মেলাঘরের কন্টেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে। ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে মেলাঘর থানার পুলিশ। জানা যায় কন্টেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহা তার শ্বশুরের কাছ থেকে একটি গাড়ি নিয়ে আসে। সে নিজের বাড়ির অদূরে রাস্তার পাশে গাড়িটি রাতের বেলায় পার্কিং করে রাখে। শুক্রবার মেলাঘর থানার পুলিশের নিকট গোপন সংবাদ যায় যে প্রসেনজিৎ সাহার গাড়িতে নেশা সামগ্রী থাকতে পারে।
এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রসেনজিৎ সাহাকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশ গাড়িটির লক খুলে দেওয়ার জন্য বলে। সোনামুড়া মহকুমা শাসকের অফিস থেকে ছুটে আসে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারপর গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়ি থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা। ঘটনাস্থলে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান তিনি ঘটনাস্থলে আসার পর পুলিশ একটি গাড়িতে তল্লাসি চালায়। তল্লাশি অভিযানে গাড়িটি থেকে তিনটি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট গুলিতে শুকনো গাঁজা ছিল।
মোট ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি। কন্টেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহা জানান ওনার গাড়ির একটি জানালার গ্লাস বাইরে থেকে খোলা যায়। কারন সেই গ্লাসের লকটি ভাঙ্গা। কেউ ওনাকে ফাঁসানোর জন্য সেই জানালা দিয়ে গাড়িতে গাঁজা গুলি রেখেছিল। তিনি আরও জানান তিনি সোনামুড়া থানার সেকেন্ড ওসি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে নিউজ করেছিলেন। হয়তো তার জন্য ওনাকে ফাঁসানো হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার গাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

