বাড়িরাজ্যঅমরপুর ব্লক অফিসে উত্তেজনা, বিডিওর বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে ভাঙচুর

অমরপুর ব্লক অফিসে উত্তেজনা, বিডিওর বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে ভাঙচুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : সরকারি বাবুদের আরাম দিতে ব্যস্ত ডবল ইঞ্জিন সরকার। কোন এক সময় ছুটির দিন বলতে জানা যেত রবিবার। সেদিন নিরাপত্তা কর্মী ছাড়া শিক্ষক কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর বিভিন্ন কর্মচারী সংগঠনের ঝপ মন্ত্র কানে নিয়ে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার সরকারি ছুটির ঘোষণা করা হয়। বর্তমান ডাবল ইঞ্জিন সরকার তার উপরে গিয়ে প্রত্যেক সপ্তাহের শনিবার সরকারি ছুটি ঘোষণা করে দেন। অর্থাৎ এক মাসের মধ্যে নিয়মমাফিক আট দিন ছুটি থাকে সরকারি কর্মচারীদের জন্য।

এছাড়া রয়েছে অন্যান্য সরকারি ছুটি। ছুটি আর ছুটির তালে পড়ে সরকারি কাজকর্ম গোল্লায় গেছে। নাগরিকরা পরিষেবা পেয়েছে কি পেয়েছে না সেটা নিয়ে কোন মাথা ব্যাথা নেই সরকারের। আবার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলছে। সরকারি কর্মচারীদের খুশি করতে গিয়ে কাজকর্ম যে কতটা লাটে তুলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যা পরিণাম লক্ষ্য করা গেল মঙ্গলবার। এদিন অমরপুর ব্লক অফিসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। এর ফলে সাধারণ মানুষ মৃত্যু সনদ, বিভিন্ন শংসাপত্র এবং একাধিক উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।

 জানা গেছে, অমরপুর ব্লকের অধীনস্থ বিভিন্ন পঞ্চায়েতের সেক্রেটারি, আর পি এম এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ব্লক অফিসে ডেকে আনা হয়েছে। এদিকে পঞ্চায়েত পরিষেবার কাজকর্ম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন জনপ্রতিনিধিরা। সমস্যার সমাধান এবং পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা একযোগে বিডিওর কক্ষে উপস্থিত হয়ে আলোচনার টেবিলে বসেন। আলোচনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, ক্ষুব্ধ প্রতিনিধিদের মধ্যে একজন নিয়ন্ত্রণ হারিয়ে বিডিও-র কক্ষে থাকা একটি জলের গ্লাস ছুড়ে মারেন এবং দ্রুত প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানান। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সেই ক্ষোভই জনপ্রতিনিধিদের উপর এসে পড়ছে, যার জেরেই ব্লক অফিসে এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত প্রধানদের বক্তব্য ভিডিও বিভিন্ন এলাকা পরিদর্শনে যাননি। সরকারি কাজকর্ম সঠিকভাবে হচ্ছে না। মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে। লাইন ডিপার্টমেন্টগুলি সঠিকভাবে কাজ করছে না। এই সমস্যাগুলি কে দেখবে প্রশ্ন তোলেন জনগণ? তবে অভিযোগ অস্বীকার করে বিডিও জানান, দপ্তরের নিয়ম ও সরকারি নির্দেশিকা মেনেই সমস্ত কাজকর্ম পরিচালিত হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়মকানুন সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন বিল সংক্রান্ত বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, প্রয়োজনীয় অনুমোদন বা সরকারি নির্দেশ ছাড়া কোনো বিল মঞ্জুর বা পরিশোধ করা সম্ভব নয়। দপ্তরের পক্ষ থেকে আইন ও বিধি অনুযায়ী কাজ করা হচ্ছে বলেও তিনি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত অচলাবস্থার অবসান ঘটবে এবং পঞ্চায়েত পরিষেবাগুলি আবারও স্বাভাবিক হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য