স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নারী ও যুবশক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। রবিবার বড়জলা মণ্ডলের অন্তর্গত ২৮ নম্বর বুথে দলীয় কর্মী ও বুথ সভাপতিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব শ্রবণ করার পর বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এ কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের সার্বিক উন্নয়ন, গ্রীষ্মকালীন সতর্কতা এবং দেশের অগ্রগতির বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি বলেন এবার তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী সকলকে সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি পর্যাপ্ত পরিমাণে জল পান করার পাশাপাশি কাঁচা আমের শরবত, দইসহ শরীরকে শীতল রাখে এমন তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের দুই যুবকের জাতীয় রেকর্ড গড়ার সাফল্যের কথা উল্লেখ করেছেন এবং সমাজে অঙ্গ ও দেহদানের গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল এবং মানবকল্যাণে দেহদান একটি মহৎ উদ্যোগ। এছাড়াও প্রধানমন্ত্রী গঙ্গা নদী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ডলফিনসহ বিভিন্ন প্রাণীর সুরক্ষার বিষয়েও গুরুত্ব আরোপ করেন। তিনি প্রত্যেক নাগরিককে অভিযোগ না করে নিজের দায়িত্ব থেকে কাজ শুরু করার আহ্বান জানান। মন্ত্রী জানান আজ এখানে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল। আমাদের দেশের সরকার এবং পিএম মোদী, নারী ও যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বলেন, তাঁর কাছে চারটি প্রধান শ্রেণি রয়েছে যেটা হলো নারী, যুবসমাজ, কৃষক এবং দরিদ্র মানুষ। এই চার শ্রেণির উন্নয়ন নিশ্চিত করতে পারলেই ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।

