ইমফল, ২৩ মে (হি.স.) : লাদাখ পুলিশের প্রধান মুকেশ সিংকে মণিপুরের নতুন ডিজিপি পদে নিয়োগ করেছে কেন্দ্র। আন্তঃক্যাডার ডেপুটেশন মণিপুরে অনুমোদন করায় কেন্দ্রীয় সরকার মুকেশ সিংকে মণিপুরের পুলিশ-প্রধান পদে নিয়োগ করেছে।
আজ শনিবার রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ মে পার্সনাল মন্ত্রকের জারিকৃত এক আদেশে বলা হয়েছে, জনস্বার্থে বিশেষ ক্ষেত্র হিসেবে মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই অনুমোদন দিয়েছে।
অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের ১৯৯৬ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার মুকেশ সিংকে তিন বছরের জন্য মণিপুরে আন্তঃক্যাডার ডেপুটেশনে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।
রাজ্যের প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমান ডিজিপি রাজীব সিংকে ক্যাবিনেট সচিবালয়ের সচিব (নিরাপত্তা) হিসেবে নিয়োগ দেওয়ার পর মুকেশ সিং মণিপুর পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সচিব (নিরাপত্তা) পদে নিয়োজিত আধিকারিক স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর প্রশাসনিক কাঠামোর নেতৃত্ব দেন। এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রধানমন্ত্রী এবং সরকারি বাসভবনে বসবাসকারী তাঁর নিকট পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।

