স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :গত ৪ মে পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণার পর সিপিআইএমের জিরানিয়া মহকুমা কমিটির সাধারণ সম্পাদক তপন দাসের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তপন দাসের বাড়ির গেট ভেঙে দুমড়ে মুচড়ে দেয় দুর্বৃত্তরা। এই খবর পেয়ে মঙ্গলবার তপন দাসের বাড়িতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তপন দাসের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলি সরজমিনে প্রত্যক্ষ করেন।
তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জিরানিয়া এলাকায় সিপিআইএম দলটা ধীরে ধীরে গড়ে উঠেছিল তপন দাসের বাড়ি থেকে। তপন দাসের বাবা ছিলেন এলাকার গ্রাম প্রধান। মানুষের সুখ দুঃখের সময় সহযোগিতার জন্য পাশে দাঁড়াতেন। সম্প্রতি যারা এ বাড়িতে আক্রমণ করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে আক্রমণ করেছে।
এটা কোনভাবেই শক্তির লক্ষণ নয়, দুর্বলতার পরিচয়। এভাবে দলের শক্তি বাড়ানো যায় না। দলের আদর্শ, কর্মসূচি দ্বারা দল শক্তিশালী হয়। সুতরাং যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে। এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জিরানিয়া মহকুমা কমিটির সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।

