স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মে :আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার আদিত্য দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটার। ধৃত আদিত্য দাস আবার এক মোবাইল দোকানের মালিক বলে জানা গেছে। শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে ধলাই জেলার এক যুবতী সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত আদিত্য দাসের। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। অভিযোগ সেই সুযোগ নিয়ে যুবতীকে দেখা করার প্রস্তাব দেয় আদিত্য, পাশাপাশি তাকে একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেয় সে।
নির্যাতিতা যুবতীর অভিযোগ শনিবার সকালে ঔষধ কেনার উদ্দেশ্যে ট্রেনে করে আগরতলায় আসে। বাধারঘাট রেলওয়ে স্টেশন পৌঁছাতেই দামি বাইক নিয়ে পেছনে হাজির হয় আদিত্য। প্রথমে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বললেও পরে স্টেশনের পাশে একটি তিন তলা হোটেলের নিয়ে যাওয়া হয়। সেখানে যুবতী মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। যুবতী মেয়েটি বাধা দিলে তাকে মারধর করে বলেও অভিযোগ। নির্যাতিতা মেয়েটির দাবি অভিযুক্ত আদিত্য হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন নিজের কাছে রেখে দেয়। সেখান থেকে পালিয়ে যাও পরে অভিযুক্ত যুবতী মেয়েটিকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর নির্যাতিতা মেয়েটি পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত আদিত্য দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে পুলিশ।
পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি ইন্সপেক্টর শিউলি দাসের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে আগরতলা লক্ষীনারায়ণ বাড়ির সামনে থাকা অভিযুক্তের মোবাইল দোকানে অভিযান চালায়, সেখান থেকে আদিত্য দাসকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আদিত্য দাসের বাড়ি কমলপুর এলাকায়। শহরের সিদ্ধি আশ্রম ও লক্ষীনারায়ণ বাড়ির সামনে তার দুইটি মোবাইলের দোকান রয়েছে, পাশাপাশি সে সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসাবেও পরিচিত। সে বিবাহিত এবং তার সন্তানও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে গাঙ্গাইল রোড এলাকায় সে বসবাস করত বলে জানা গেছে। পরে তাকে শনিবার গভীর রাতেই আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রায় রাত দুটো নাগাদ আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় আদিত্য দাসকে। আমতলী থানা ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ও ৩৫১(২) ধারায় মামলা নথিভুক্ত করে। রবিবার দুপুরে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস। রবিবার দুপুরে ধৃত আদিত্য দাসকে আদালতে প্রেরণ করা হয়।

