বাড়িরাজ্যঅত্যাধুনিক সিভিল হাসপাতালের কাজ মে মাসের মধ্যে সম্পূর্ণ করে উদ্বোধন করা হবে...

অত্যাধুনিক সিভিল হাসপাতালের কাজ মে মাসের মধ্যে সম্পূর্ণ করে উদ্বোধন করা হবে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে :  বুধবার আগরতলা পুর নিগমের অন্তর্গত জ্যাকসন গেট এলাকায় আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। হাসপাতালে কাজকর্ম পরিদর্শন করলেন তিনি। আগরতলা শহরবাসীর জন্য এই হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এবং দ্বিতীয় রেফারেল হাসপাতাল অর্থাৎ জিবি এবং আইজিএম হাসপাতালে উপর চাপ কমে। কারণ ২৪ ঘন্টা বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে বহু রোগী রেফার করা হয় জিবি হাসপাতালে এবং আইজিএম হাসপাতালে।

 রোগী সামাল দিতে হিমশিম খায় হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই এই সিভিল হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। জোর কদমে চলছে হাসপাতালটির কাজকর্ম। আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতালের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে হাসপাতালটি উদ্বোধন হবে। বুধবার পরিদর্শনে গিয়ে এই কথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, আজকে পরিদর্শনে এসে কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। চলতি মাসের মধ্যে যেন সমস্ত কাজ সম্পন্ন করা হয় তার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় কুড়ি মে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসবেন।

 তারপর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, রাজ্যের প্রথম আগরতলা পৌর নিগমের উদ্যোগে অত্যাধুনিক পরিষেবা যুক্ত একটা হাসপাতাল তৈরি হচ্ছে। এর মধ্যে ওপিডি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন আধুনিক ব্যবস্থা থাকবে। এতে উপকৃত হবে বিশেষ করে শহরবাসী। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো জানিয়েছেন ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল গড়ে তোলা জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। রাজ্য সরকার এই হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে আগরতলা পুর নিগমকে সার্বিক সহযোগিতা করছে। হাসপাতালটির ওপিডি বিভাগ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। বুধবার মেয়রের সঙ্গে পরিদর্শনে ছিলেন আগরতলা পুর নিগমের আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য