স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য হলেন এমডিসি রুনিয়েল দেববর্মা। সোমবার তিপ্রা মথার নবনির্বাচিত এমডিসি-দের নিয়ে এক মিটিং অনুষ্ঠিত হয়। রাজ বাড়িতে এইদিনের মিটিং-এ ভারচুয়ালি উপস্থিত ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।
মিটিং-এ তিপ্রা মথার নব নির্বাচিত সকল এমডিসি-রা উপস্থিত ছিলেন। এইদিন মিটিং-এ সর্ব সম্মতিক্রমে এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত করা হয় বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের এমডিসি রুনিয়েল দেববর্মাকে। অপরদিকে এডিসি-র চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হল ভবরঞ্জন রিয়াংকে। রুনিয়েল দেববর্মা স্থলাভিষিক্ত হলেন পূর্ণ চন্দ্র জমাতিয়ার। অপরদিকে ভবরঞ্জন রিয়াং স্থলাভিষিক্ত হলেন জগদীশ দেববর্মার।

