স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :অবুঝ প্রেমের নির্মম পরিণতি! প্রেমিকের দ্বারা বাবা মায়ের অপমান সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করল কলমছড়ার এক যুবতীর। অভিযুক্তের শাস্তির দাবি করলো মৃতার পরিবার। মৃত যুবতীর নাম রিয়া দাস। বয়স ১৮ বছর। জানা যায় রিয়া দাসের সাথে এক বছর পূর্বে পরিচয় হয় বিশালগড় গোপীনগর এলাকার বাসিন্দা অনুরাগ শীলের। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে।
এরই মধ্যে সম্প্রতি অনুরাগ পুলিসকে সাথে নিয়ে প্রেমিকা রিয়ার বাড়িতে উপস্থিত হয়। এবং রিয়ার মা-বাবাকে হুমকির পাশাপাশি অপমান করে আসে। এই ঘটনার জেরে রিয়া নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় রিয়াকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। অবশেষে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে রিয়া দাস। কন্যা হারা মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। পাশাপাশি তিনি অভিযুক্ত অনুরাগ শীলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলেও জানান।

