বাড়িরাজ্যঅপহরণ ও চুরি কান্ডে শহরে দুই থানায় গ্রেফতার আট, আটক তিনটি টমটম,...

অপহরণ ও চুরি কান্ডে শহরে দুই থানায় গ্রেফতার আট, আটক তিনটি টমটম, ওয়াগনার গাড়ি, টমটমের ব্যাটারি সহ একটি বাইক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল : অপরাধমূলক কার্যকলাপের অন্যতম নগরী হয়ে উঠেছে স্মার্ট সিটি। পুলিশ প্রশাসনের দুর্বলতা কাজে লাগিয়ে শহরে সংঘটিত হচ্ছে ছিনতাই, অপহরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ। গত ১৮ এপ্রিল শহরের প্রাণকেন্দ্র থেকে দুঃসাহসিক অপহরণের ঘটনা সামনে আসে। এই ঘটনায় পাঁচজনকে জালে তুলেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এক রিকশা চালককে আনন্দময়ী আশ্রমের সামনে থেকেই একটি ওয়াগণের গাড়ি দিয়ে অপহরণ করে মারধর করা হয় এবং মোবাইল ফোন সহ নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। তারপর পুলিশ তদন্তে নেমে স্মার্ট সিটির ক্যামেরা দেখে গাড়িটি সনাক্ত করে চালক শরীফ মিয়াকে গ্রেপ্তার করেছে।

একই সঙ্গে গ্রেপ্তার করেছে তার বাবাকে। তাদের কাছ থেকে আটক করে অপহরণ কান্ডের ব্যবহৃত টি আর ০১ বি জেড ০৬০৬ নম্বরের ওয়াগনার গাড়িটি। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে সেদিনের ঘটনায় শরীফ মিয়ার সঙ্গে জড়িত তার বাবা এবং রাজেশ দাস, বাড়ি বর্ডার গোল চক্কর এলাকায়, অংকুর নমঃ, বাড়ি ভট্ট পুকুর, সুপ্রতিম চৌধুরী, বাড়ি কৃষ্ণনগর পুরাতন কালিবাড়ি এলাকায়। পুলিশ তাদের উত্তর গেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতের বেলা গ্রেফতার করেছে। পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা ঘটনা সম্পর্কে অবগত হতে পারবে বলে জানান তিনি। অপরদিকে, চুরি যাওয়া তিনটি টমটম, একটি বাইক এবং টমটমের ব্যাটারি সহ তিন চোরকে জালে তুলেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত ২২ এপ্রিল বটতলা ফাঁড়িতে একটি টমটম চুরির মামলা হয়। এর আগের দিনও আরও একটি টমটম চুরির অভিযোগ জমা পড়েছিল থানায়। টমটম দুটির নম্বর টি আর ০১ ই আর ৩৭০৬ এবং টি আর ০১ ই আর ০৪২২ ।

পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নেমে জানতে পারে আড়ালিয়া এলাকার শিবু সাহার নেতৃত্বে সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ নামে তিনজন এই চুরির ঘটনা সংগঠিত করছে। তারপর পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি টমটম, ব্যাটারি এবং নম্বর বিহীন একটি বাইক আটক করেছে। পুলিশ শুক্রবার তাদের রিমান্ডের আবেদন করে আদালতে তুলে। পুলিশের অভিমত বাকি অভিযুক্তদেরও জালে তুলতে পারবে। তবে এ ধরনের একাধিক অপহরণ ও চুরির ঘটনায় শহরবাসীকে ক্রমশ চিন্তায় ফেলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য