স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : শুরু থেকে শেষ পর্যন্ত সংঘর্ষের মধ্য দিয়ে ১২ রামচন্দ্র ঘাট এবং নয় আশারাম বাড়ি আসনের গণনা সম্পন্ন হয়। ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রে ১৭,৯৪০ ভোটে জয়ী হলেন তিপরা মথার প্রার্থী এবং ৯ আশারামবাড়িতেও কেন্দ্রে ১১,৬৬০ ভোটে জয়ী হন তিপরা মথার প্রার্থী।
গণনা কেন্দ্রে সংঘর্ষের মধ্য দিয়ে শুক্রবার ঘোষণা হলো রামচন্দ্র ঘাট আসনের ফলাফল। সকাল আটটা থেকে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এডিসি নির্বাচনের ভোট গণনা শুরু হয়। খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে দুটি কাউন্টিং হল স্থাপন করা হয়েছিল। এক নম্বর হলে ৯ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্র এবং দুই নম্বর হলে ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হয়।প্রশাসনের তরফে গণনা কেন্দ্র ঘিরে বিভিন্ন দিকে ব্যারিকেড দেওয়া হয় এবং নির্দিষ্ট স্থানে বিভিন্ন রাজনৈতিক দলেরকর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। গণনার শুরুতেই ১২ রামচন্দ্রঘাট কাউন্টিং হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী ডেবিড দেববর্মা ও অমিত জমাতিয়ার বিরুদ্ধে তিপ্রা মথা দলের পক্ষ নিয়ে কারচুপির অভিযোগ তোলেন। এই নিয়ে গণনা হলের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে তিন-চারবার উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে রাজনৈতিক দলের এজেন্টদের মধ্যে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই ঘণ্টা সময় গণনা কাজ বন্ধ ছিল বলে অভিযোগ। পরে একটা সময় বেরিকেট ভেঙে গণনা কেন্দ্রের দিকে এগিয়ে যায় তিপরা মথার কর্মী সমর্থকরা। খবর পেয়ে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসেন। গণনা কেন্দ্রের ভেতরে গিয়ে প্রার্থী এবং কাউন্টিং এজেন্ডদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি দলের এক এজেন্টকে গণনা কেন্দ্রের মধ্যেই রক্তাক্ত করে জখম করা হয়েছে বলে তিপ্রা মথা দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দশটি টেবিলে ৫ রাউন্ড গণনার শেষে ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রে তিপ্রা মথা দলের প্রার্থী জেমস দেববর্মা ২০,৮৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি দলের প্রার্থী ডেবিট দেববর্মা পেয়েছেন ২,৬৫০ ভোট এবং সিপিআইএম দলের প্রার্থী পেয়েছেন ৯৩৪ ভোট। জেমস দেববর্মা ১৭,৯৪০ ভোটের ব্যবধানে জয়যুক্ত হন।
তবে এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিপরা মথা দীর্ঘদিন ধরে জনজাতিদের যে অধিকারের জন্য লড়াই করছে তার ফলাফল এসেছে এবারের নির্বাচনে। রাজ্যের জনজাতিদের জন্য যে অধিকার চাওয়া হচ্ছে সেটা কোন সংবিধানের বাইরে নয়। জমি অধিকার, ভাষাগত অধিকার সহ যে সমস্ত অধিকার থেকে জনজাতিরা বঞ্চিত সেগুলো নিয়ে এবারের নির্বাচনে জনজাতি ভোটাররা সচেতন হয়েছে। অপরদিকে ৯ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে গণনার কাজ সমাপ্ত হয়। এই কেন্দ্রে তিপ্রা মথা প্রার্থী পেয়েছেন ১৭,৭৯৬ ভোট, বিজেপি দলের প্রার্থী পেয়েছেন ৬,১৩৬ ভোট এবং সিপিআইএম দলের প্রার্থী পেয়েছেন ২,৭৭১ ভোট।
এই কেন্দ্রেও তিপ্রা মথা প্রার্থী জয়ী হয়েছেন।জয়ের পর জেমস দেববর্মা জানান, মানুষ দুই হাত ভরে আশীর্বাদ করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। অভিযোগ করে বলেন, বিজেপি ডেবিট দেববর্মা নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন।সকাল থেকে কাউন্টিং হলে একাধিকবার উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভোট গণনার শেষে মহকুমা শাসক জানিয়েছেন, গণনা প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে এক টানটান পরিস্থিতির মধ্য দিয়ে গণনা সম্পন্ন হয় এদিন রামচন্দ্র ঘাট আসনের।

