স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : ইরান এবং আমেরিকা, ইজরাইলের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য হরমুজ প্রণালী দিয়ে পেট্রোপণ্য বিশ্বের বিভিন্ন দেশে আমদানিতে প্রভাব পড়ছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যে পেট্রোল, ডিজেল সহ এলপিজি সিলেন্ডারের কোনরকম সংকট নেই।
যতটা মজুদ থাকার প্রয়োজন তার চেয়ে বেশি মজুদ রয়েছে। বুধবার গোর্খাবস্তি স্থিত খাদ্যভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্য, সুরক্ষা ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতির সময় যতটা জ্বালানি তেল এবং রান্নার গ্যাস রাজ্যে আসতো ততটাই বর্তমানে আমদানি হচ্ছে। কেউ যেন বিভ্রান্তির শিকার না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে অবগত করা হচ্ছে। পাশাপাশি বাজারে যেন কোনরকম কালো বাজারি না হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ।

