স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : আগামী ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ তথা রাজ্যসভার সদস্য ক্রিস্টোফার তিলক। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, এবারের এডিসি নির্বাচন প্রদেশ কংগ্রেসের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
এডিসি নির্বাচনে ২৮ টি আসনের মধ্যে ত্রি দলীয় জোট নিয়ে লড়বে জাতীয় কংগ্রেস। এই জোটে কংগ্রেস ছাড়াও রয়েছে ত্রিপুরা পিপলস পার্টি এবং জন মঞ্চ। এর মধ্যে একটি আসনে লড়বে ত্রিপুরা পিপলস পার্টি এবং ২৭ টি আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা লড়াই করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে, এডিসি এলাকা কে ষষ্ঠ তপশিলি করা হয়েছে। কিন্তু ৪ দশক অতিক্রান্ত হয়ে গেলেও আজও এডিসি এলাকার জনজাতি অধ্যুষিত মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। আদিবাসী এলাকার মানুষদের এই সমস্ত বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এডিসি নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চাইবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জোট প্রার্থী। এডিসি এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত করতে ভোট চাইবে কংগ্রেস। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবতী, টিপিপি -র নেতৃত্ব প্রবীন সিং সহ অন্যান্যরা।

