স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মার্চ : আগরতলা পুর নিগমের পক্ষ থেকে প্রতিবছরের মত এ বছরও ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চৈত্র মেলা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলিতে রাজধানীর শকুন্তলা রোড থেকে ওরিয়েন্ট চৌমুহনি পর্যন্ত চৈত্র মেলা অনুষ্ঠিত হলেও এ বছর স্থান পরিবর্তন হয়েছে। এই বছর রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। এই প্রথম বারের মতো আগরতলা পুর নিগমের পক্ষ থেকে চৈত্র মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ী স্টল নির্মাণ করে দেওয়া হচ্ছে।
আগামী দু-তিন দিনের মধ্যে স্টলগুলো নির্মাণ করা কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে স্টল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। শুক্রবার স্টল নির্মাণের কাজ সরজমিনে খতিয়ে দেখেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। চৈত্র মেলার প্রস্তুতির কাজ সরজমিনে ঘুরে দেখার পর মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগরতলা শহরে ড্রেইন নির্মাণের কাজ চলছে। পাশাপাশি আগরতলা শহরের রাস্তা গুলিকে পরিষ্কার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে করে যানজট সৃষ্টি না হয়। তার জন্য এই বছর শিশু উদ্যানে চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। চৈত্র মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন কোন সমস্যা না হয় তার জন্য এই বছর পুর নিগমের পক্ষ থেকে অস্থায়ী স্টল নির্মাণ করে দেওয়া হচ্ছে। যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সুন্দর ভাবে ব্যবসা করতে পারে। এই বছর বিনামূল্যে চৈত্র মেলায় বিদ্যুৎ ও জলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এই বছর পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে চৈত্র মেলায় ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে জানান মেয়র।

