স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : অটো চালক সুখেন লোধের খুনীদের গ্রেফতারের দাবিতে উদয়পুর খিলপাড়া এলাকায় রাস্তা অবরোধ। ১৫ মার্চ কিল্লার রাইয়া মলসুম এলাকায় নৃশংসভাবে খুন হন অটো চালক সুখেন লোধ। এই ঘটনার পর ৯ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ। তাই সোমবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উদয়পুর-কাকড়াবন সড়কের খিলপাড়া বাজারে সড়ক অবরোধে বসে নিহত অটো চালক সুখেন লোধের পরিবারের লোকজন, এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
মৃত সুখেন লোধের স্ত্রীর অভিযোগ পুলিশ গাফিলতি করছে। পুলিশ এই হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার ৯ দিন পরও পুলিশ কোন অভিযুক্তকে গ্রেপ্তার করে নি। এইদিন সড়ক অবরোধের ফলে খিলপাড়া বাজারে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় আর.কে পুর থানার ওসি সহ মহকমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সড়ক অবরোধকারিদের জানান এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহসাই এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দেন।

