স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :রাজ্যে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্সের অভাবে মহকুমা হাসপাতাল গুলি থেকে জিবি হাসপাতালে রোগীর রেফার আটকে যায়। আবার কখনো কখনো মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যুর ঘটনা সামনে আসে। তখন প্রশ্ন উঠে অ্যম্বুলেন্সের পরিষেবা নিয়ে। তাই অ্যাম্বুলেন্স নিয়ে যাতে আগামী দিন কোন প্রশ্ন বোধক চিহ্ন সৃষ্টি না হয় তার জন্য পরিষেবার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে সরকার।
রবিবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে থেকে কুড়িটি বিএলএস অ্যাম্বুলেন্স এবং চারটি এএলএস অ্যাম্বুলেন্স ফ্ল্যাগ অফ করা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অ্যাম্বুলেন্স গুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেন। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মোট ২৪টি অ্যাম্বুলেন্স তিনি তুলে দিয়েছেন। এর মধ্যে কুড়িটি ট্রমা সেন্টারের জন্য। কারণ বিভিন্ন সময় দেখা যায় অ্যাম্বুলেন্সের মধ্যে রোগীর মৃত্যু হয়।
তাই রোগীর মৃত্যু রুখতে আধুনিক প্রযুক্তির সম্পন্ন কুড়িটি বি এল এস অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছে এদিন। একই সঙ্গে চারটি এএলএস অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছে মা ও শিশুদের জন্য। এই চারটি অ্যাম্বুলেন্স ১০২ নম্বরের সঙ্গে যুক্ত থাকবে। মুখ্যমন্ত্রী নিজের অভিমত তুলে ধরে বলেন, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কোন রকম খামতি যাতে না থেকে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা স্বাস্থ্য ব্যবস্থা সঙ্গে নতুন পালক যুক্ত হয়েছে। অ্যাম্বুলেন্স গুলি যারা পরিচালনা করবেন তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে ও দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

