স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :স্যন্দন টিভিতে খবর প্রকাশের পর জটিল রোগে আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস ও স্বরসতী বিশ্বাসের মাত্র পাঁচ মাস বয়সী শিশুর স্বর্ণজিৎ বিশ্বাস এক জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। স্থানীয় চিকিৎসকরা পরিবারকে অবগত করেছেন, শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্যও পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে অতি শীঘ্রই রাজ্যের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে।
সেখানে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়ার সম্ভাবনা থাকলেও যাতায়াত, থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মিলিয়ে প্রায় অনেক টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে পরিবার। কিন্তু আর্থিকভাবে অসচ্ছলতায় এত অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছে শিশুটির পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে এক সপ্তাহের মধ্যেই বহিঃরাজ্যে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাই অসহায় পরিবারটি সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিল। পরিবারের আশা ছিল, সমাজের সহৃদয় মানুষের সামান্য সহযোগিতায় হয়তো এই ছোট্ট শিশুটির চিকিৎসা সম্ভব হবে এবং সে আবার সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসতে পারবে।
এই সংবাদ প্রকাশিত হওয়ার পর, শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। রবিবার বিধায়িকা, শিশুটির পরিবারের লোকজনদের নিজ বাসভবনে ডেকে নিয়ে আশ্বস্ত করেন শিশুটির সঠিক চিকিৎসা ব্যবস্থা প্রদানে সহযোগিতা করার জন্য বিধায়িকা সর্বদা পরিবারটির পাশে আছেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য পরিবারটির বহিরাজ্যে যাতায়াতের এবং থাকার সম্পূর্ণ খরচ বিধায়িকা বহন করবেন বলেও আশ্বস্ত করেছেন পরিবারটিকে। সেই সঙ্গে শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেছেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।বিধায়িকা আশ্বাস মত সহযোগিতা করলে উপকৃত হবে শিশুদের পরিবার।

