স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : এক পশলা বৃষ্টিতেই ভেঙে পড়লো নবনির্মিত জল নিষ্কাশনী ড্রেইন। মাত্র ৮ মাস আগে নির্মিত জল নিষ্কাশনের ড্রেনটি। এখন নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ উঠছে। ঘটনা নতুন বাজার থানা সংলগ্ন এলাকায়। অমরপুর বিধানসভার অন্তর্গত নতুন বাজার স্থিত বাজারে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য ৮-৯ মাস আগে পূর্ত দপ্তরের উদ্যোগে কভার ড্রেইন নির্মাণের কাজ করা হয়। ড্রেইন নির্মাণের পর বিগত কয়েক মাস যাবত কোনরকম বৃষ্টি না থাকায় ড্রেইনের তেমন কোনো অসুবিধা বোঝা যায় নি।
কিন্তু শুক্রবার বিকালে মাত্র আধ ঘন্টার বৃষ্টিপাতে জল নিষ্কাশনী ড্রেইন নির্মাণের দুর্নীতির কাজের চিত্র ফুটে ওঠে। জলের তোরে ভেঙে পড়ে যায় ড্রেন। নতুন বাজার থানার বিপরীত পাশে প্রায় ৫০-৬০ মিটার এলাকা জুড়ে ড্রেনটি ভেঙে পড়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। দোকানের সামনের ড্রেইন ভেঙে পড়ায় ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। পাশাপাশি ড্রেইনের নির্মাণ কাজের গুনমান নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী।

