স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১১ মার্চ : আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বটতলা মহাশ্মশান। বুধবার সরজমিনে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদারের। আপৎকালীন ব্যবহারের জন্য বটতলা মহাশ্মশানে তৈরি করা হচ্ছে নতুন চুল্লি।
পাশাপাশি বটতলা মহাশ্মশানের সৌন্দর্যায়নের কাজ বুধবার থেকে শুরু করা হয়েছে। বর্ষা কালে হাওড়া নদীর জল ঢুকে প্রায় সময়ই জলমগ্ন হয়ে পড়ে বটতলা মহাশ্মশান। শবদেহ নিয়ে আসার পর সমস্যায় পড়তে হয় সাধারন মানুষকে। এই দিকে লক্ষ্য রেখে আপৎকালীন ব্যবহারের জন্য রাস্তার পাশে তৈরি করা হবে নতুন চুল্লি। পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি করার লক্ষ্যে বসানো হবে ফোয়ারা। লাগানো হবে হাই মাস্ট লাইট।
শব দেহের সঙ্গে আসা লোকেদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হবে। সেই দিকে লক্ষ্য রেখে বুধবার মেয়র দীপক মজুমদার বটতলা মহা শ্মশান পরিদর্শন করেন। সাথে ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা। বটতলা মহাশ্মশান পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার বলেন বটতলা মহাশ্মশানকে আধুনিকভাবে সাজিয়ে তুলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্ষাকালে শব দেহ সৎকারের সমস্যার সমাধানে রাস্তার পাশে তৈরি করা হবে আরেকটি চুল্লি। যা তৈরি হলে বর্ষাকালে মৃতদেহ সৎকারের সমস্যার অনেকটাই সমাধান হবে। পাশাপাশি মহাশ্মশানের ঐতিহ্যবাহী শিব মন্দিরটি আধুনিক ব্যবস্থার মাধ্যমে উপরে তুলে সংস্কার করা হবে। বসানো হবে ফোয়ারা। লাগানো হবে হাইমাস্ট লাইট। প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হবে। এই বছর বর্ষার আগে তৈরি হয়ে যাবে নতুন চুল্লিটি। অন্যান্য কাজও ছয় মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান তিনি।

