স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১১ মার্চ : সাব্রুম মহকুমার উত্তর দৌলবাড়ী এস.বি স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে সরব হল পড়ুয়া সহ অভিভাবকরা। জানা যায় এমনিতেই বিদ্যালয়টি শিক্ষক স্বল্পতায় ভুগছে। তার মধ্যে বিদ্যালয়ের শিক্ষক দেবপ্রিয় মজুমদারকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে বুধবার বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে সামিল হয়।
এইদিন বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধে সামিল হয়। অভিভাবকরা জানান বিদ্যালয়ের শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলি কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।” শিক্ষকের অভাবে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে বলে তারা দাবি করেন। তারা আরও জানান বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষক রয়েছে ৫ জন। তার মধ্যে বর্তমানে এক জন শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এইটা মেনে নেওয়া যায় না। তাদের দাবি বিদ্যালয়ে নতুন করে অন্য শিক্ষক প্রদান না করে বিদ্যালয় থেকে কোন শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না।

