স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ: আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে সোমবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অধীন বিজেপি ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে দলপতি এডিসি ভিলেজের জয়রাম পাড়া এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একযোগে বিজেপিতে যোগদান করেন ২৮৪ জন ভোটার। তারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নবাগতদের দলের পক্ষে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

