স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ ত্রিপুরার হাপানিয়াস্থিত ইন্টারন্যাশনাল ট্রেড ও ফেয়ার সেন্টারে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তৃণমূল স্তরের উন্নয়ন ও নারী ক্ষমতায়নে তাদের অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে। নারী উন্নয়নের ধারণা থেকে দেশ এখন নারী-নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে, যার মাধ্যমে নারীরা আত্মবিশ্বাসী নেত্রী ও দেশের উন্নয়নের সক্রিয় অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছেন।
‘লাখপতি দিদি’ উদ্যোগের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন বলেন, সারা দেশে প্রায় ১০ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন এবং এর মধ্যে দুই কোটিরও বেশি নারী ‘লাখপতি দিদি’ হয়েছেন। ত্রিপুরা সরকারের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ত্রিপুরা সরকার ১.৩৫ লক্ষ ‘লাখপতি দিদি’ তৈরির একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে, যা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দ্রুত অগ্রগতির প্রতিফলন।
উপরাষ্ট্রপতি আরও বলেন, নমো দ্রোন দিদি’র মতো উদ্যোগ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার দেওয়া তাদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন এনেছে।
শিক্ষা ও উদ্যোগের ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে শ্রী রাধাকৃষ্ণন আশা ব্যক্ত করেন যে, বহু ‘লাখপতি দিদি’ খুব শিগগিরই ‘কোটিপতি দিদি’-তে পরিণত হবেন এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপরাষ্ট্রপতি ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফেয়ার সেন্টারে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টলও পরিদর্শন করেন এবং বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রদর্শিত স্থানীয় পণ্য সম্পর্কে অবগত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রশেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিধানসভার সদস্যবৃন্দ, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং মহিলাদের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাগণ।

