স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : ভি.ভি.আই.পিদের চলাচলের বিধি নিষেধে বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় আটকে গেল হৃদরোগে আক্রান্ত রোগীর গাড়ি। দেশের উপরাষ্ট্রপতি রবিবার উদয়পুর সফরকে ঘিরে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত গোটা জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উপরাষ্ট্রপতির কনভয়ের জন্য গোটা জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাস্তা খালি করা হয়। প্রশাসনিক নিয়ম অনুযায়ী ভিভিআইপিদের নিরাপত্তার জন্য রাস্তা খালি রাখা যায়, কিন্তু যতদূর জানা যায় এই নিয়মের বাইরে থাকে এম্বুলেন্স এবং দমকল কর্মীদের গাড়ি।
অথচ রবিবার উপরাষ্ট্রপতি উদয়পুর সফরকে ঘিরে আরো একটি এমন ঘটনার নজির স্থাপন হলো বিশালগড়ে, যা স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য সফরের সময় তৈরি হয়েছিল। সাধারণ মানুষের বক্তব্য উপরাষ্ট্রপতি উদয়পুর যাবে বলে সব গাড়ি আটকে দিলেও রোগী বহনকারী গাড়ি আটকে রাখা যায় না। আটকে থাকা রোগীর পরিবারের কাছ থেকে জানা যায়, উদয়পুর শালগড়া থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া এক রোগীকে ডাক্তার দেখাতে আগরতলা নিয়ে যাওয়ার পথে বিশালগড়ে মোটরস্ট্যান্ড এলাকার বাইপাস সড়কের আসতেই রোগীর গাড়িটি আটকে দেয় পুলিশ এবং টিএসআর। প্রায় ৩০ মিনিটের অধিক সময় মারাত্মক ভাবে অসুস্থ রোগী নিয়ে ঠাই দাড়িয়ে থাকতে হয় গাড়িটি। সাংবাদিকরা এই বিষয়ে এক টি এস আর জোয়ানকে প্রশ্ন করলে তিনি জানান, উপর মহল থেকে নাকি নির্দেশ রয়েছে উপরাষ্ট্রপতির জন্য নাকি রোগীর গাড়িও যেতে দেওয়া হবে না। এই অবস্থায় রোগীর এক আত্মীয় সরকারি এমন প্রটোকলের তীব্র বিরোধিতা করেন।

