স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : সুশাসন জামানায় বেহাল দশায় পরিণত হয়ে আছে লোহার ব্রিজ, জনগণের সমস্যার দিকে নজর নেই প্রশাসনিক আধিকারিক থেকে এলাকার জনপ্রতিনিধির। ফলে বিপন্ন কেকমাছড়ার জনজীবন। অভিযোগ আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের একাধিক অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় বাইক ও অটো চলাচল কার্যত অচল, এমনকি পায়ে হেঁটে পার হওয়াও হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই চরম প্রশাসনিক উদাসীনতার ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী, শ্রমজীবী মানুষ ও বয়স্ক নাগরিকরা।
এই জরাজীর্ণ লোহার ব্রিজ দিয়েই কেকমাছড়া এলাকার মানুষজন নিয়মিত আমবাসা ও কুলাই যাতায়াত করে থাকেন। ব্রিজটির বর্তমান অবস্থার কারণে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ধারণা, অতিসত্বর সংস্কার কাজ শুরু না হলে যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা অনিবার্য। তাই অবিলম্বে প্রশাসনের নীরবতা ভেঙে জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার করে চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি স্থানীয়দের। এখন দেখার বিষয় কবে নাগাদ ব্রীজের সংস্কার হয়।

