স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : পিএম-রাহাত স্কিমের ঘোষণা দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, এখন থেকে দুর্ঘটনার শিকার হলেই বিনামূল্যের দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা মিলবে রোগীর। গত ১৪ ফেব্রুয়ারি এই স্কিমের ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবহন মন্ত্রক দ্বারা এই প্রকল্প দেশে পরিচালিত হবে। কারণ লক্ষ্য করা গেছে দুর্ঘটনার শিকার হলে বহু মানুষ চিকিৎসা করতে পারে না। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকার এই নয়া প্রকল্পের ঘোষণা দিয়েছে।
মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, ২৬ ফেব্রুয়ারি পরিবহন মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়করীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়ে কথা হয়েছে। তবে এর দেড় লক্ষাধিক টাকা সহযোগিতার প্রদান করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এই টাকা মিলবে দুর্ঘটনাগ্রস্ত রোগীর সাত দিনব্যাপী। বিশেষ করে কোন ঘাতক গাড়ির যদি ইন্সুরেন্স না থাকে তাহলে সে রোগীর চিকিৎসা পরিষেবার জন্য অর্থ বরাদ্দ করবে সরকার জেলা শাসকের ফান্ড মারফত। কোনভাবেই যেন রোগীর চিকিৎসার অভাবে মৃত্যু না হয় সেই দিকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীকে যদি অন্য হাসপাতালে রেফার করা হয় তাহলে সেটাও দেড় লক্ষ টাকা থেকে কাটা হবে।
তবে দেড় লক্ষাধিক টাকার অধিক হলে সেটা বহন করতে হবে রোগীকে। মন্ত্রী আরো জানিয়েছেন, পিএম-রাহাত স্কিমে কোন রোগীর যদি দেড় লক্ষাধিক টাকা ব্যয় হয়ে যায় তারপর সে আয়ুষ্মান ভারত থেকে বাকি পাঁচ লক্ষ টাকার সুবিধা নিতে পারবে। সর্বমোট সাড়ে ছয় লক্ষাধিক টাকার সুবিধা নিয়ে সুস্থ হয়ে উঠতে পারবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব ইউ কে চাকমা সহ অন্যান্যরা।

