স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : ধর্মনগর জেলা হাসপাতালে জরুরি পরিষেবার বেহাল দশার জেরে এক গুরুতর আহত রোগীর সিটি স্ক্যান পর্যন্ত করা গেল না। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে মুমূর্ষু রোগীকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আগরতলা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় আহতের পরিবার সহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে। জানা যায়, গত শনিবার ধর্মনগর শহর লাগোয়া বটরশি এলাকায় একটি মালবাহী মিনি ট্রাক ও একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হন।
আহতরা হলেন সঈদুল আলম, গাড়ি চালক আব্দুল আহাদ এবং বাইসাইকেল আরোহী জহর উদ্দিন। দুর্ঘটনার পর দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জহর উদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরি ভিত্তিতে সিটিস্ক্যান করার নির্দেশ দেন। কিন্তু সিটি স্ক্যান বিভাগে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি দীর্ঘদিন ধরেই অকেজো অবস্থায় পড়ে রয়েছে। আহতের এক নিকট আত্মীয় বলেন, চিকিৎসক স্পষ্ট জানিয়ে দেন— রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক। অবিলম্বে সিটি স্ক্যান করা জরুরি।
কিন্তু পরিষেবা না থাকায় বাধ্য হয়ে রোগীকে আগরতলায় স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। গুরুতর আহত রোগীকে এত দীর্ঘ পথ নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে। আহত পরিবারের আরো এক সদস্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেন ধর্মনগর জেলা হাসপাতালের দিকে দৃষ্টি দেন। অবিলম্বে সিটি স্ক্যান পরিষেবা চালু না হলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। বিপুল সংখ্যক মানুষ ধর্মনগর জেলা হাসপাতালের উপর নির্ভরশীল। সেখানে সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যক পরিষেবা বন্ধ থাকলে দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে রোগীদের জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ে।

