Sunday, February 22, 2026
বাড়িরাজ্যও.এন.জি.সি -র ট্রেনিং সেন্টার থেকে নিখোঁজ দুজন কর্মীকে উদ্ধার করল পুলিশ

ও.এন.জি.সি -র ট্রেনিং সেন্টার থেকে নিখোঁজ দুজন কর্মীকে উদ্ধার করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি :  টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন এগিয়ে আসতে পাহাড়ে  মাথা চাড়া দিচ্ছে দুষ্কৃতিকারীরা। আতঙ্ক বাড়ছে মানুষের মনে। শনিবার সন্ধ্যায় শিলাছড়ি থানাধীন দেবতামুড়া এলাকায় ও এন জি সি -র ট্রেনিং সেন্টার থেকে একজন ইঞ্জিনিয়ার সহ একজন টিম মেম্বার অপহরণ হয়। অবশেষে পুলিশের তৎপরতায় দুজনকে উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। এ বিষয়ে করবুক মহাকুমা পুলিশ আধিকারিক জানান, শনিবার রাতে দুষ্কৃতিকারীরা ট্রেনিং সেন্টারে আসে একটি পিকআপ গাড়ি এবং একটি কমান্ডো গাড়ি নিয়ে।

 তারপর চিফ ইঞ্জিনিয়ার বি সি যোশী এবং টিম মেম্বার অমিত কুমারকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওএনজিসি বাকি কর্মীরা বিষয়টি শিলাছড়ি থানার পুলিশকে অবগত করে। শিলাছড়ি থানার পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একই সঙ্গে শান্তিরবাজার, বাইখরা, অমরপুর, যতনবাড়ি, বিলোনিয়া, গন্ডাছড়া সহ বিভিন্ন থানার পুলিশকে অবগত করে যেন নাকা পয়েন্টগুলিতে কড়া নজরদারি শুরু করে। সঙ্গে সঙ্গে পুলিশ নাকাগুলিতে নজরদারি বাড়ানোর ফলে রাত একটা নাগাদ বাইখোড়া বাজার সংলগ্ন নাকা পয়েন্ট এলাকায় দুটি গাড়ি আসে।

দূর থেকে পুলিশকে দেখে দুষ্কৃতিকারীরা চিফ ইঞ্জিনিয়ার বি সি যোশী এবং টিম মেম্বার অমিত কুমারকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য যদি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে গোটা মহকুমা সহ আশেপাশের মহকুমা গুলি ঘেরাও করা না হতো তাহলে দুষ্কৃতিকারীরা সফলতা পেয়ে যেত। তবে কি কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা নিয়ে পুলিশ এখনো ধোঁয়াশায় রয়েছে। তবে মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন এই ঘটনার সাথে উগ্রপন্থীর কোন যোগসূত্র নেই। সেটা নিশ্চিত হওয়া গেছে প্রাথমিক তদন্তে। পুলিশ ইতিমধ্যে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে একটি যৌথ টিম তৈরি করতে চলেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলাছড়িতে। তবে নির্বাচন এগিয়ে আসতেই অপহরণ, উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া এবং তুল্লাবাজি বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য