Saturday, February 21, 2026
বাড়িরাজ্যরাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে জনগণ

রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি :সুশাসন জামানায় উন্নয়ন কাজে দুর্নীতি যেন জাঁকিয়ে বসেছে রাজ্যে। জনগণের পয়সায় নিজেদের ব্যাংক ব্যালেন্স পাহাড় সমান করছেন রাষ্ট্রবাদীরা। অমরপুর বিধানসভা এলাকার অলিতে গলিতে যেখানেই রাস্তা সংস্কার কিংবা নির্মাণের কাজ হচ্ছে সেখানেই অত্যন্ত নিম্নমানের কাজ কিংবা দুর্নীতির অভিযোগ তুলছে এলাকাবাসীরা। এবার অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর একছড়ি এডিসি ভিলেজের তুলা গাছ তলা থেকে গোমতী নদী যাওয়ার রাস্তার সংস্কার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললো এলাকাবাসীরা।

যানবাহন চলাচলের আগেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। অত্যন্ত নিম্নমানের রাস্তার সংস্কার কাজ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। কাজের গুণমান খুবই নিম্নমানের হলেও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিরব দর্শকের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার জনগণ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে পূর্ত দপ্তরের মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়। কাজের বরাত দেওয়া হয় অমরপুরের জনৈক ঠিকাদার স্বপন সাহাকে। কিন্তু সংস্কার কাজের শুরু থেকেই অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ জানায়। এলাকাবাসীর পক্ষ থেকে কাজের গুণমান ঠিক রাখার জন্য বারংবার বলা হলেও ঠিকাদার এলাকাবাসীর কথায় পাত্তা দিতে নারাজ বলে অভিযোগ। পর্যাপ্ত পরিমাণের স্টোন চিপস না দিয়ে বালু আর বিটুমিন দিয়ে রাস্তার কার্পেটিং করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।

 যে কারণে রাস্তা কার্পেটিং করে যাওয়ার পরের দিন সকালেই কার্পেটিং গুলি উঠে যাচ্ছে। এলাকাবাসীরা অভিযোগ করেন যানবাহন চলাচলের আগেই যেভাবে রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে তাতে সহজে অনুমান করা যাচ্ছে যে এ রাস্তার আয়ুষ্কাল কতদিন হবে। প্রতিবছর বর্ষার সময় এলাকার মানুষদের রাস্তার বেহাল অবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়। তাই এলাকাবাসীরা রাস্তাটি সংস্কারের দাবি করে আসছে দীর্ঘ বছর যাবত। কিন্তু বর্তমানে যে রাস্তার সংস্কার করা হচ্ছে তার গুণমান এতটাই খারাপ যে বর্ষার সময় রাস্তাটি গোমতী নদীতে চলে যাবে বলে এ ধারণা করছে এলাকাবাসীরা। রাস্তার সংস্কার কাজের গুণমান খারাপ হওয়ার জন্য এলাকাবাসীরা পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তবে তদন্ত হলে ভালো, নয়তো গোটা কাজ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য