Saturday, February 21, 2026
বাড়িরাজ্যপানীয় জল সংকটের প্রতিবাদে রাস্তায় নামলে জনগণ

পানীয় জল সংকটের প্রতিবাদে রাস্তায় নামলে জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : মন্ত্রীরা বুক ঠুকে দাবি করছে সরকার জল জীবন মিশনের মাধ্যমে মানুষের জন্য পানীয় জলের সমস্যার সমাধান করেছে। অথচ মানুষ দিশেহারা হয়ে পড়ছে পানীয় জলের সংকটে। পানীয় জলের চরম সংকটের প্রতিবাদে শনিবার রাজপথে নামলেন উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা এলাকার মানুষ।

 এদিন সকাল প্রায় ১০টা নাগাদ বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইচাইলালছড়া কমিউনিটি হলের সামনে কদমতলা–ধর্মনগর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এবং পূর্ব ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন। একাধিকবার বিষয়টি পশ্চিম ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিস চন্দ্র দাস এবং পূর্ব ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়িতা ঘোষ-সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান না হওয়ায় অবশেষে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। পথ অবরোধের জেরে কদমতলা–ধর্মনগর মূল সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়।

 পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কদমতলা থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরাও অবরোধস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।আলোচনায় জনপ্রতিনিধিরা আশ্বাস দেন, আগামী সোমবারের মধ্যেই পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি—সোমবারের মধ্যে যদি জলের সমস্যা নিরসন না হয়, তাহলে রাজপথে টায়ার জ্বালিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এখন দেখার বিষয়, স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দপ্তর কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের বহুদিনের এই পানীয় জলের সংকট মেটাতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য