Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যটিটিএএডিসি এলাকায় উন্নয়ন চোখে পড়ার মত, পরিদর্শনে গেলেই বোঝা যাবে : প্রদ্যোত

টিটিএএডিসি এলাকায় উন্নয়ন চোখে পড়ার মত, পরিদর্শনে গেলেই বোঝা যাবে : প্রদ্যোত



আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকায় উন্নয়ন হয়নি—যারা এমন দাবি করছেন, তারা একবার টিটিএএডিসি এলাকায় গিয়ে পরিদর্শন করলেই প্রকৃত চিত্র বুঝতে পারবেন। বৃহস্পতিবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দলতিপ্রা মথা-এর প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মা।

এদিন টিটিএএডিসি প্রশাসনের উদ্যোগে বেকার যুবকদের মধ্যে ই-অটো বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-এর চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া, এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এক্সিকিউটিভ মেম্বার কমল কলই, পূর্ণমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে বেকার যুবকদের হাতে ই-অটোর চাবি তুলে দেন প্রদ্যোত কিশোর দেববর্মা সহ অন্যান্যরা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, বেকার যুবকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টিটিএএডিসি এলাকার যুবকরা স্বনির্ভর হলে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। তিনি জানান, যারা আগে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করতেন, তারা এখন ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হবেন।

টিটিএএডিসি এলাকায় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্কুল, কলেজ, হাসপাতাল সহ পরিষেবার ক্ষেত্রে টিটিএএডিসি এলাকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যারা উন্নয়ন হয়নি বলে দাবি করছেন, তাদের সঙ্গে মতানৈক্যে জড়ানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে বেকারদের হাতে ই-অটোর চাবি তুলে দেওয়ার পর প্রদ্যোত কিশোর দেববর্মা নিজেই একটি ই-অটো চালিয়ে তাঁর মাকে সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দান প্রদক্ষিণ করেন। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য অতিথিরাও। এই দৃশ্য উপস্থিত সকলের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য