স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ডিসেম্বর : জি রামজি প্রত্যাহারের দাবিতে সংঘর্ষ দিবসে সামিল হতে আহবান জানিয়ে ময়দানে সরব হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও গ্রামীণ শ্রমিক ইউনিয়নের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। শুক্রবার আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়ে সেখানে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে।
তিনি বলেন, কেন্দ্র সরকার দিন দিন রেগা বরাদ্দ কমিয়ে শ্রমিকদের উপর আঘাত নামিয়ে আনছে। বর্তমানে রেগা বরাদ্দ কমিয়ে ৮৫ হাজার ৮৩৯ কোটি টাকায়। তার উপর এখন রাষ্ট্রীয় স্বয়ং সেবকের নির্দেশে মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়ে মন রেগা থেকে পার্লামেন্টে অসাংবিধানিকভাবে জি রামজি বিল পাস করিয়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।
গান্ধীজিকে এই মহাত্মা নাম দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল আরএসএসের গুরু নাথুরাম গডসে। তাই মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়ে এই নাম রাখার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর লক্ষ্য করা যাচ্ছে, ১০০ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়ে সরকারি প্রতিষ্ঠিত হয়ে এই সরকার শ্রমিকদের সঙ্গে জুমলায় মেতেছে। এভাবেই তীব্র সমালোচনা করেন তিনি।

