স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর :আগামী দিন ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে পারে। দলের কার্যকর্তা ও কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের মতই চলবো। আমরা কারোর বিরুদ্ধে কথা বলব না। রবিবার আগরতলা টাউন হলে আয়োজিত বিজেপি -র বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলের কার্যকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে এ কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রবাহী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন সিপিআইএম এবং কংগ্রেসকে একহাত নিলেন।
মুখ্যমন্ত্রী দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, কমিউনিস্টদের ক্যাডার আপনারা হবেন না। বিজেপি -র কার্যকর্তাদের উদ্দেশ্যে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সাথে কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, কংগ্রেসের কে কি আছে জানা নেই উনার। তারা উচ্ছৃংখলতার মাধ্যমে চলে। এগুলি তিনি বিহারে দেখে এসেছেন। কার্যকর তাদের উৎসাহ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কার্যকর্তা অর্থ হল কাজের লোক। তারা যাতে পদের পেছনে না ঘুরে মানুষের জন্য কাজ করেন। কারণ ভারতীয় জনতা পার্টি সমর্পণের পার্টি। স্বচ্ছতার মাধ্যমে দল পরিচালনা করা হচ্ছে। স্বচ্ছতার মাধ্যমে সরকার পরিচালনা করা হচ্ছে। কোন সমস্যা হলে বসে সমাধান করা হবে।
এই দলের অভিভাবক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত একজন অভিভাবক রয়েছেন সেখানে জনগণের জন্য কাজ করতে অসুবিধা নেই। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার পর্যটন ক্ষেত্র বিশেষ ভাবে উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তারা যাতে নিজ নিজ রাজ্যে এমন একটি পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য যা বিশ্বের মধ্যে আকর্ষণীয় হয়। সেদিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা সরকার ৫১ পীঠ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বনদোয়ারে। যা গোটা বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় হবে স্বর্গ দুয়ার হিসেবে। এমনটাই জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সাথে।

