স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি ন্যূনতম সহানুভূতি দেখালো না সরকার। তা নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সোমবার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রসাদ প্রকল্পের সরকারি অনুষ্ঠান প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা হয়, অথচ এই অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়নি।
এর দ্বারা বিজেপি -র একদলীয় মনোভাব ফুটে উঠেছে। কারণ প্রধানমন্ত্রী সব মানুষের এবং সারা দেশের। তাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো ধারাবাহিকভাবেই চলে আসছে। বর্তমান সময়ে শাসক দল এই ধারণা এমন জায়গায় নিয়ে গেছে যে মনে হয় মাতা ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলের। শুধু তাই নয় মাতা ত্রিপুরেশ্বরীকে পর্যন্ত বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি-র এ ধরনের মনোভাবের তীব্র ভাষায় নিন্দা জানায় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন আরো বলেন, বর্তমান সরকারের এমন একদলীয় মনোভাবের প্রতিবাদ করা প্রয়োজন সুশীল সমাজের।

