স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : স্বাস্থ্য বিপ্লবের করুণ দশা খোয়াই জেলা হাসপাতালে। নামমাত্র চালু আছে ডায়ালাইসিস পরিষেবা। অথচ বিদ্যুতের কারণে মুখ থুবড়ে পড়েছে এমন গুরুত্বপূর্ণ পরিষেবাটি। জেলার দূর দুরান্ত থেকে রোগীরা এসে পুরোপুরি ভাবে পরিষেবা গ্রহণ করতে পারছে না একমাত্র বিদ্যুতের কারণে। সোমবার সকাল থেকে বিদ্যুতের কারণে ভুক্তভোগী রোগীরা।
একটা সময়ের পর আরো বেশি অসুস্থ হওয়ার মতো অবস্থা একাধিক রোগীর। অনেক রোগী জানায় তাদের সকাল থেকে দাঁড়িয়ে থেকে শ্বাসকষ্ট পর্যন্ত অনুভব হচ্ছে। এই বিভাগের সামনে কোন রকম বসার জায়গা পর্যন্ত নেই। তারা আরো জানান গত এক বছর ধরেই হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার ক্ষেত্রে এমন সমস্যার শিকার হতে হচ্ছে। বহুবার জানতে পেরেছিল জেনারেটর পরিষেবা দেওয়া হবে। অথচ এখন পর্যন্ত চালু হয়নি জেনারেটর কাগজে-কলমে হলেও বাস্তবে মিলে নি জেনারেটর পরিষেবা। এতে দুর্ভোগ বাড়ছে রোগীর এবং রোগীর পরিবার পরিজনদের। সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত বসে থাকতে হচ্ছে পরিষেবার জন্য।
বিভিন্ন সময়ে তারা পরিষেবা না পেয়ে আগরতলা জিবি হাসপাতালের উদ্দেশ্যে চলে আসছে। কারণ সময় মত ডায়ালাইসিস পরিষেবা না পাওয়া গেলে শারীরিক অসুস্থতা আর বেড়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তাদের ৪/৫ ঘন্টা ডায়ালাইসিস পরিষেবার নেওয়ার কথা থাকলেও ডায়ালিসিস চলাকালীন অবস্থায় বিদ্যুৎ চলে যাওয়ায় মাত্র এক ঘণ্টা থেকে দু’ঘণ্টা পরিষেবা নিতে পারে। এমন স্বাস্থ্য বিপ্লবে মানুষ প্রতিদিন জেলা ও মহাকুমা হাসপাতাল গুলি থেকে নিজেদের অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন। অথচ কতটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কানে গিয়ে পৌঁছাচ্ছে সেটাই এখন বড় বিষয়।

